1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ

বিপ্লবীদের রক্তাক্ত করে আ.লীগকে ফেরানোর চেষ্টা সফল হতে দেব না

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৮/২০২৫ ৭:১৬ পিএম

ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা সফল হতে দেবেন না বলেও জানান তিনি

শুক্রবার (২৯ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে, যে পরিকল্পনা আমি ১১ মার্চ প্রকাশ করে দেই। সেই প্ল্যান ভেস্তে গেলেও ওরা থামেনি। সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে।’

তিনি আরও বলেন, ‘ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই। এখন যদি আমরা নুরুল হক নূরের উপর এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ না করতে পারি, জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত না করতে পারি, তাহলে বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের মত রক্তাক্ত হয়ে যাবে।’

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, ‘নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না। ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দেব না।’

এর আগে শুক্রবার রাতে বিজয় নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসিসি) নিয়ে আসা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com