উখিয়ার থাইংখালী সংরক্ষিত বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচার করছে একটি সংঘবদ্ধ চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইটি বালু ভর্তি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের আওতাধীন ২০২০-২১ অর্থবছরে সৃজিত সুফল প্রকল্পের ২২০ হেক্টর বাগানের ভেতরে সংরক্ষিত বনভূমির একটি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ডাম্পার দুটি জব্দ করে উখিয়া রেঞ্জ কার্যালয় হেফাজতে নেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম। তিনি বলেন,“গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় প্রকৃতভাবে জড়িতদের শনাক্তে তথ্য সংগ্রহ চলছে। তদন্ত শেষে বন আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বন বিভাগ সূত্রে জানা যায়, সংরক্ষিত বনভূমি ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পাচারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। অভিযানে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান সহ স্টাফবৃন্দ অংশ নেন।