কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নে বিএনপির তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। দেশের সর্বদক্ষিণের সীমান্তঘেঁষা উপজেলা উখিয়ায় একযোগে এত বিপুল সংখ্যক নেতাকর্মীর দলবদল স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নবযোগদানকারীরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে বিএনপির একাধিক প্রভাবশালী নেতার হাতে নানাভাবে হেনস্তার শিকার হয়েছেন। পাশাপাশি পালংখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বলে দাবি করেন তারা। এতে ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যেও তীব্র ক্ষোভের জন্ম নেয়।
তাদের ভাষ্য অনুযায়ী, এসব ঘটনার প্রেক্ষিতে স্থানীয় জনগণ ও নেতাকর্মীরা ধীরে ধীরে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পালংখালি স্টেশন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত ১১ দলীয় ঐক্য সমর্থিত জোটের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা এডভোকেট শাহজালাল চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও জেলা সেক্রেটারি জাহেদুল ইসলামসহ দলের সিনিয়র ও স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় নবযোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পালংখালি ইউনিয়নে বিএনপির একটি বড় অংশের নেতাকর্মীর জামায়াতে যোগদান উখিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ সৃষ্টি করতে পারে। এদিকে এলাকাবাসী এই যোগদানকে স্বাগত জানিয়েছেন।