কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় নিজ মালিকানাধীন মাছের প্রজেক্ট থেকে জাফর (৩৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
তিনি ওই এলাকার হাজী সিকান্দরের ছেলে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাফরের নিজ প্রজেক্টের ভেতর থেকে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পরিচয় নিশ্চিত হলে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। নিখোঁজ থাকার প্রায় একদিন পর এভাবে তার লাশ উদ্ধারের ঘটনায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাসে থাকার পর জাফর দেশে ফিরে দ্বিতীয় বিয়ে করেন এবং জমিজমা ও মাছের প্রজেক্ট দেখাশোনা করতেন। প্রজেক্টের ভেতরই তিনি একটি ছোট ঘর তৈরি করে নিয়মিত বসবাস করতেন।
মরদেহের পাশে বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখা গেছে, যা ঘটনাটিকে আরো রহস্যজনক করে তুলেছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা, অপমৃত্যু নাকি হত্যাকাণ্ড—তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সঠিক তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।