1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor

বিতর্কিত ইয়াবা কান্ড: অধিনায়কসহ র‍্যাব-১৫ এর ৩ শতাধিক সদস্য বদলি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/১১/২০২৫ ৩:২৯ এএম

কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক কামরুল হাসানসহ তিন শতাধিক সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। এটি নিয়মিত বদলির অংশ বলে জানিয়েছে সংস্থাটির মিডিয়া উইং।

তবে নির্ভর‍যোগ্য সূত্রের দাবী, আর্থিক কেলেংকারীতে জড়িয়ে ইয়াবা উদ্ধারের পর মামলায় মাদকের পরিমান ও পলাতক আসামীদের তথ্যের গরমিল করার অভিযোগই বদলীর মূল কারণ। র‍্যাব সূত্রে মতে, সংস্থাটির সদর দপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) কামরুল হাসান কমান্ডার বিএন এর অনুমোদনের ভিত্তিতে উপপরিচালক (প্রশাসন) মেজর ফয়সাল আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ১৯ নভেম্বর ৯৮ জন এবং একই দিন আরেক প্রজ্ঞাপনে ২০০ জন, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আরও একটি প্রজ্ঞাপনে ৭৪ জনসহ তিন শতাধিক র‌্যাব সদস্যের বদলির আদেশ দেওয়া হয়।

 

র‌্যাব সদর দপ্তরের মিডিয়া উইং এর পরিচালক- উইং কমান্ডার এম জেড এম ইন্তেকাব চৌধুরী র‍্যাব সদস্যদের বদলির বিষয়টি নিয়মিত কার্যক্রম দাবী করে বলেন, র‍্যাব-১৫ তে এক বছর যাবত কর্মরত থাকায় অধিনায়ক লেঃ কর্নেল কামরুল হাসানকে সদর দপ্তরে সংযুক্ত করে তার স্থানে লেঃ কর্নেল মোহাম্মদ নেয়ামুল হালিম খান পিএসসি কে স্থলাবিসিক্ত করা হয়েছে।

# গণবদলির নেপথ্য কারণ কি?

র‍্যাবের পক্ষ থেকে বদলির বিষয়টি নিয়মিত কার্যক্রম দাবী করলেও বেশ কয়েকটি ঘটনার যোগসূত্র, তথ্য বিশ্লেষণ বলছে বিতর্কিত দুটি মাদক উদ্ধার অভিযানই গণবদলির মূল কারণ।

সূত্রের দাবী, গত ৭ সেপ্টেম্বর, কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পশ্চিম পাড়া এলাকায় একটি বসতঘর থেকে ৮৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক ও ১৬ লাখ ৭১ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবী করে র‍্যাব। ওই ঘটনায় ৮ জনকে পলাতক দেখিয়ে উখিয়া থানায় ১০ জনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়। কিন্তু এজাহারনামীয় আসামী স্থানীয় শামসুল আলমের ছেলে মোহাম্মদ সেলিমের ঠিকানা সঠিক রেখে পিতার নাম মোহাম্মদ ইসলাম উল্লেখ করা হয়।

পিতার নাম বিভ্রাটের কারনে ফেঁসে যাওয়া সেলিমের দাবী, তিনি একটি স্থানীয় দৈনিক পত্রিকায় কাজ করেন। অর্থের বিনিময়ে আসল আসামীকে বাঁচাতে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ওই ঘটনায় শুরু থেকেই আরো ১ লাখ ১০ হাজার ইয়াবার তথ্য গোপনের গুঞ্জন রয়েছে।

স্থানীয় কয়েকটি সূত্র বলছে, চলতি মাসের শুরুর দিকে র‍্যাব সদর দপ্তরের একটি টিম কুতুপালং পশ্চিম পাড়ায় ঘটনাস্থল গিয়ে হেলাল ও সেলিমের খোঁজসহ ওই ঘটনার খুটিনাটি তথ্য নিয়েছেন।

অপরদিকে, গত ২৬ সেপ্টেম্বর বিকেলে র‍্যাব-১৫ এর একটি দল হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান চালিয়ে বহু মামলার পলাতক আসামি মৃত লাল মিয়ার ছেলে শীর্ষ মাদককারবারী জাহাঙ্গীর আলমকে (৩৫) গ্রেপ্তার করে। ওই অভিযানে মাদকের পরিবর্তে ৭টি ইটের টুকরা ও ২টি কাঠের লাঠি উদ্ধার দেখায় র‍্যাব। র‌্যাব সদস্যদের বিরুদ্ধে ইয়াবাকান্ডসহ এ ধরনের গুরুতর অভিযোগ সম্পর্কে মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেকাব চৌধুরী বলেন, র‍্যাবের কেউ অপরাধে জড়িত থাকলে তদন্তে প্রমানিত হলে প্রচলিত আইনেই তাদের শাস্তির রেওয়াজ রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com