গত অক্টোবর মাসে দেশে ৪৮৬টি সড়ক দুর্ঘটনায় ৪৪১ জন নিহত এবং ১,১২৮ জন আহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৩৭ জন। একই সময়ে নৌ-দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৪ জন নিখোঁজ এবং রেল দুর্ঘটনায় ৪৩ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১১২ জন নিহত হয়েছেন ১২১টি দুর্ঘটনায়, আর সিলেটে সবচেয়ে কম ২৪ জন নিহত হয়েছেন ২৬টি দুর্ঘটনায়।
নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী ১৩৭, বাসযাত্রী ৩০, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রলি আরোহী ২৪, প্রাইভেটকার-মাইক্রোবাস আরোহী ৭, থ্রি-হুইলার যাত্রী ১০৩, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ৩৪ এবং রিকশা-বাইসাইকেল আরোহী ৮ জন।
সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, চালকের অদক্ষতা বা অসুস্থতা, তরুণ-যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন অমান্য, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএ-র সক্ষমতার ঘাটতি ও গণপরিবহন খাতে চাঁদাবাজি উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে: দক্ষ চালক তৈরির উদ্যোগ বৃদ্ধি, চালকের বেতন-কর্মঘণ্টা নির্দিষ্ট করা, বিআরটিএ সক্ষমতা বৃদ্ধি, ট্রাফিক আইন বাধাহীন প্রয়োগ, মহাসড়কে স্বল্পগতির যানবাহনের জন্য সার্ভিস রোড নির্মাণ, রোড ডিভাইডার নির্মাণ, গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ, রেল ও নৌপথ সংস্কার এবং সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন নিশ্চিত করা।