কক্সবাজারের উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে মালিকবিহীন ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারকারীরা পাঁচটি বস্তা ফেলে পালিয়ে যায়।
বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার আঞ্জুমানপাড়া ও ফাইসাখালী এলাকায় এ অভিযান চালায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর বালুখালী ও পালংখালী বিওপির যৌথ টহল দল।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ টহল দল অবস্থান নেয়। রাত সাড়ে ৯টা দিকে থার্মালের মাধ্যমে ৭ থেকে ৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে পাচারকারীরা হাতে থাকা পাঁচটি বস্তা ফেলে দ্রুত নিকটবর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে বস্তাগুলো তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতর নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোট ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় দীর্ঘ সময় চিরুনি অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সূত্র: উখিয়া নিউজ