বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তরে সততার আলো থাকলে সেফ এক্সিটের প্রয়োজন হয় না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও সেটি প্রযোজ্য হয়েছে। তিনি দেশের মাটিতেই থাকতে পছন্দ করেছেন এবং কখনোই সেফ এক্সিট চাননি।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জের বাহাগিলি ইউনিয়নের পাগলাটারি গ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা ও অভিযোগ আনা হয়েছে, তবুও তিনি সঠিক পথে ছিলেন। অন্তরের আলোতে আলোকিত মানুষ কখনো নিরাপত্তার ছায়া খুঁজে ফিরে না।
তিনি আরও বলেন, বিএনপি নতুন চিন্তা ও নতুন স্বপ্ন নিয়ে জনগণের কাছে যাচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভিশনের নেতৃত্বে ভবিষ্যতের রাজনীতি এগিয়ে যাবে এবং শেষ বিচার জনগণই করবেন।
রিজভী দেশের বর্তমান আইনশৃঙ্খলা, অর্থনীতি ও সামাজিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, অর্থনীতির অবস্থা ভালো নয়। কর-জিডিপি অনুপাত কমছে, কর্মসংস্থান কমছে, শিল্পকারখানা বন্ধ হচ্ছে। শেখ হাসিনা সরকারের সময় নানা প্রকল্পের আড়ালে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।
তিনি ৩১ দফা কর্মসূচি উল্লেখ করে বলেন, এতে দেশের ভবিষ্যতের করণীয় বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। রাজনীতিতে যে অপসংস্কৃতি ও দুর্নীতি বিস্তার পেয়েছিল, তা বন্ধ করা এখন সময়ের দাবি। ব্যাংকগুলোও ঋণ দিতে পারছে না, কারণ তহবিল নেই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিশন আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচিত হয়েছে।
আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন, সৈয়দপুর জেলা বিএনপি সভাপতি আব্দুর গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তার, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।