আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থেকে এ দেশ থেকে ইসলামকে নির্মূল করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেছেন।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে লক্ষ্মীপুরে হেফাজতে ইসলামের নতুন কমিটির পরিচিতি সভায় এ মন্তব্য করেন তিনি। জেলা শহরের সোনার বাংলা চাইনিজ রেস্তোরায় হেফাজত ইসলামের ব্যানারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১৫১ সদস্য বিশিষ্ট লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
আজিজুল হক ইসলামাবাদী বলেন, হেফাজত সেইদিন রক্ত দিয়ে গণজাগরণ মঞ্চকে যখন বিতাড়িত করতে পেরেছে। আগামী দিনে হেফাজত নেতৃত্ব দেবে, বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে, এটাই হল হেফাজতের নীতি-আদর্শ এবং আল্লামা আহমদ শফীর স্বপ্ন।
তিনি বলেন, আওয়ামী লীগ এ দেশের দেশপ্রেমিক, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক অস্তিত্বকে বিলুপ্ত করে দিতে চেয়েছে, সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করতে চেয়েছে। মসজিদ-মাদরাসা বন্ধ করে দিতে চেয়েছে।
ওলামায়ে কেরামদের মিথ্যা মামলা দিয়ে জঙ্গী সন্ত্রাসী বানিয়ে জেলখানায় নির্যাতন নিপীড়ন করেছে।
তিনি আরো বলেন, আগামী দিনে যেন এই আওয়ামী ফ্যাসিবাদি শক্তির মতো কোন শক্তি বাংলাদেশে মথাছাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য হেফাজত অভিভাবকের ভূমিকা পালন করবে। কিন্তু হেফাজত অরাজনৈতিক থাকবে, রাজনীতি করবে না। এটা হেফাজতের সিদ্ধান্ত হবে হেফাজত অরাজনৈতিক থাকবে।
হেফাজতে ইসলামের জেলা কমিটির উপদেষ্টা আবু তাহেরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হেফাজতে ইসলামের জেলা কমিটির সভাপতি মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, সাধারণ সম্পাদক নুরুল আমিন কাসেমী, সাংগঠনিক সম্পাদক হাফেজ জহিরুল ইসলাম ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী প্রমুখ।