সোমবার (২০ অক্টোবর) দুপুরে – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থা অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদ, আমলাতন্ত্র এবং আমরা নিজেও।
সোমবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা মিলনায়তনে ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ মাসিক ম্যাগাজিনের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
ফখরুল বলেন, শিক্ষার ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। বিএ-এমএ পাস শিক্ষার্থীদের জন্য চাকরির সুযোগ সীমিত। তিনি জোর দিয়েছেন ভোকেশনাল ও কারিগরি শিক্ষার ওপর, যাতে সাধারণ শিক্ষার্থীরাও দক্ষ হয়ে উঠতে পারে।
তিনি নতুন প্রজন্মের (জেন-জি) চিন্তা ও ভাবনার গুরুত্ব তুলে ধরে বলেন, তাদের জ্ঞান মানব কল্যাণে কাজে লাগানো উচিত, ধ্বংসের জন্য নয়।
অনুষ্ঠানে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয় পরিক্রমার ব্যবস্থাপনা সম্পাদক মোবারক হোসেন সঞ্চালনা করেন। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মো. সবুর খান, বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, শিক্ষাবিদরা ও কৃতি শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।