আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চারটি আসনে প্রার্থী ঘোষনা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তৎমধ্যে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে পূর্ব ঘোষিত প্রার্থী ব্যক্তিগত সমস্যা জনিত কারন দেখিয়ে সরে দাঁড়ালে ওই আসনে প্রার্থী বদল করে নতুন প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে।
কক্সবাজার ৪টি আসনের মধ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী মাওলানা ছরওয়ার আলম কুতুবী, কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে ইসলামী আন্দোলন কক্সবাজার জেলার সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম মীর, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মুফতি হাফেজ মাওলানা নুরুল বশর আজিজি এর পরিবর্তে ইসলামী আন্দোলন টেকনাফ দক্ষিন শাখার সহ সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা নুরুল হক কে মনোনয়ন দেয়া হয়েছে।
গত (৮ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত মৌলানা জান্নাতুল ইসলাম সংগঠনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এর নির্দেশনায় এই আদেশ দেন বলে জানায় দলীয় সূত্র।
এদিকে কক্সবাজার-৪ আসনের প্রার্থী মুফতি হাফেজ মাওলানা নুরুল বশর আজিজির স্থানে নতুন প্রার্থী দেওয়ার বিষয়টি দৃষ্টি আকর্ষন করা হলে কক্সবাজার জেলা সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম মীর ‘বার্তা বাজার’কে জানান, এই আসনে শুরু থেকেই আজিজিকে প্রার্থী ঘোষনা করে ছিলেন কেন্দ্রীয় আমির। পরবর্তীতে তিনি ব্যক্তিগত সমস্যার কথা জানিয়ে নির্বাচন করতে অপারগতা প্রকাশ করেন। বিষয়টি কেন্দ্রকে অবগত করা হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দ কক্সবাজার সফরে এসে বিকল্প প্রার্থীর জন্য আমিরুল ইসলাম কে দায়িত্বদেন।
তিনি আরো জানান, কেন্দ্রীয় নির্দেশে জেলার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে টেকনাফ উপজেলার নেতৃবৃন্দের সাথে কয়েক দফা আলোচনা হয়। এর পরে সরাসরি টেকনাফ গিয়ে হোটেল গ্রীন গার্ডেনের হল রুমে ও হোয়াইক্যং মুফতি তৈয়ুব আরমানের নেতৃত্বে দুইটি পৃথক বৈঠকে বসে প্রার্থী হতে আগ্রহীদের মতামত জানতে চাওয়া হয়। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে হাফেজ মাওলানা নুরুল হকের নাম প্রস্তাব করে। পরে বিষয়টি কেন্দ্রকে জানানো হলে কেন্দ্র তাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কক্সবাজার-৪ আসনে প্রার্থী হিসেবে মনোনীত করে প্রচারনার জন্য অনুমোদন দেয়।
এদিকে, হাফেজ মাওলানা নুরুল হক প্রার্থী হওয়ার বিষয়টি উখিয়া-টেকনাফের কওমী অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।
হাফেজ মাওলানা নুরুল হক জানান, আমি এর আগেও টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছি। ওই সময় মানুষ আমাকে ভোট দিতে এসেও আওয়ামীলীগের সন্ত্রাসীদের কারণে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারেনি। ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসেবে এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য শেষ পর্যন্ত লড়ে যাবো।