কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত বিআরএম-১৮ হতে প্রায় ১.৭ কিলোমিটার ভেতরে শুকুরের কাটি ক্যারেঙ্গাঘোনা এলাকায় বিশেষ টহল অবস্থান নেয় বিজিবি। পরে বিকেল ৪টার দিকে মিয়ানমার দিক থেকে সন্দেহজনক দুইজন ব্যক্তি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে বিজিবি সদস্যরা এগিয়ে যায়। সৈনিকদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে বাদামি রঙের একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটিতে খাকি স্কচটেপে মোড়ানো বায়ুরোধী ৮টি কাটে মোট ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের ধরতে বিজিবি এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত করে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।