উখিয়া রেঞ্জের সদর বিটের আওতাধীন সংরক্ষিত বনভূমিতে নির্মাণাধীন একটি অবৈধ স্থাপনা ভাঙতে বাঁধা ও বনকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে বনবিভাগ।
আটক ব্যক্তি উখিয়ার হরিণ মারা এলাকার রাসেল বলে প্রাথমিকভাবে জানা যায়।
সোমবার(২৪ নভেম্বর) দুপুরের দিকে বন বিভাগ অভিযান পরিচালনা করতে গিয়ে বাঁধা প্রদান করায় তাকে আটক করা হয়। এ ঘটনায় আরও দুইজন পালাতক রয়েছে বলে জানিয়েছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান। পালাতক দুইজনের মধ্যে একজন মুফিজ ও অন্যজন হলো নুর। তারা দুইজন রাজধানী টিভি ও নুর কক্স টিভি নামে দুইটি ভুয়া ফেসবুক পেইজ চালিয়ে সাংবাদিক পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছেন বলে জানিয়েছে স্থানীয়রা।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা বলেন, সংরক্ষিত বনের জায়গায় স্থাপনা নির্মাণ করা অপরাধ। নিয়মিত অভিযান পরিচালনা করতে গিয়ে সাংবাদিক পরিচয়ে কয়েকজন লোক এসে সরকারি কাজে বাঁধা দেয় ও মালামাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে একজনকে আটক করতে সক্ষম হলেও বাকীরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।