কক্সবাজার–টেকনাফ মহাসড়কে শাহ সিমেন্ট কোম্পানির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোহাম্মদ আরিফ উল্লাহ (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা পল্লী বিদ্যুৎ সাব-সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গয়ালমারা এলাকার বাসিন্দা বেলাল উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক পারাপারের সময় দ্রুতগতির সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানটি শিশুটিকে ধাক্কা দিলে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং পরিবারের কাছে হস্তান্তর করে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো-উ ১২-২৮৮০) জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।