পটুয়াখালীর মহিপুরে জামায়াতে ইসলামীর রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. দ্বীন ইসলাম শুভ নামে এক স্থানীয় নেতা। গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
মো. দ্বীন ইসলাম শুভ মহিপুর থানার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে তিনি মহিপুর সদর ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল (অর্থ কমিটি)–এর দায়িত্বেও ছিলেন।
ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে শুভ উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত হন। তার মূল উদ্দেশ্য ছিল ইসলামী হুকুমত প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেওয়া এবং সেই আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখা। তবে পরবর্তীতে দলীয় পর্যায় থেকে পাওয়া কিছু বার্তা ও অবস্থান তার কাছে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার বিষয়ে আন্তরিকতার অভাব বলে মনে হয়েছে।
তিনি লেখেন, বিষয়টি তার আদর্শিক ও নৈতিক অবস্থানের পরিপন্থি হওয়ায় তিনি জামায়াতের রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতেও ন্যায় ও সত্যের পক্ষে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ বিষয়ে মহিপুর সদর ইউনিয়ন জামায়াতের আমির মো. তোফাজ্জল সিপাহি বলেন, ৫ আগস্টের পর অনেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। শুভও ওই সময় সংগঠনে যুক্ত হন। প্রথমে তাকে ইউনিয়ন বাইতুল মাল-এর দায়িত্ব দেওয়া হয় এবং পরে ওয়ার্ড আমিরের দায়িত্ব দেওয়া হয়। তবে দায়িত্ব পালনে তার একাধিক ত্রুটি ছিল। তিনি কী কারণে পদত্যাগ করেছেন, সে বিষয়ে সংগঠনের পক্ষ থেকে নিশ্চিতভাবে কিছু জানা নেই।
সূত্র: দৈনিক ইনকিলাব