কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় ‘জয় বাংলা’ লেখা ঘিরে চলমান উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। শনিবার (১৬ মে) রাতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনায় ছৈয়দা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় ছব্বির আহমদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে টাইপালং মাদ্রাসার দেয়ালে ‘জয় বাংলা’ লেখা নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার রাতে ছাত্রদল নেতা জিসানের ফেসবুক স্ট্যাটাসে ছাত্রলীগ নেতা ইউনুস ‘হা হা’ রিয়েক্ট দিলে নতুন করে বিরোধ শুরু হয়। পরে ইউনুসকে আটক করে মারধরের অভিযোগ ওঠে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
এসময় এনজিওকর্মী এসএম ইমরান ইউনুসকে রক্ষার চেষ্টা করলে তাকেও মারধর করা হয়। পরে ছেলেকে বাঁচাতে গিয়ে ইমরানের মা ছৈয়দা বেগম হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা মিজান সিকদার, আব্দুল করিম, আকাশ, সাইফুল সিকদার, ছৈয়দ বাবুল, মাহবুবুর রহমান, ছালাম সিকদার, ছাত্রদল নেতা জিসান ও শামসুল আলমের নেতৃত্বে হামলায় তার মৃত্যু হয়েছে।
ঘটনার পর পুলিশ ছাত্রলীগ নেতা ইউনুসকে হেফাজতে নিলেও এখনো কাউকে আটক করা হয়নি বলে অভিযোগ পরিবারের। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উখিয়া থানার ওসি মুজিবুর রহমান বলেন, “নারীর মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”