কোটবাজার থেকে উখিয়া এবং উখিয়া থেকে কোটবাজারগামী সড়কের হাসপাতাল সড়ক, হিজলিয়া, রাজাপালং ও পালংগার্ডেন এলাকায় মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে।
মোটরসাইকেলে এসে সংঘবদ্ধ ছিনতাইকারীরা পথচারী ও যাত্রীদের হাতে থাকা মোবাইল ফোন মুহূর্তের মধ্যে টান দিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সংবাদ লেখা পর্যন্ত এমন দুটি ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। এর মধ্যে স্থানীয় সাংবাদিক জোবাইরের মোবাইল ফোন ছিনতাই হয়েছে হাসপাতাল সড়ক এলাকায়। অপরদিকে একটি ওষুধ কোম্পানির প্রতিনিধির মোবাইল ফোন ছিনতাই হয়েছে পালংগার্ডেন এলাকায়।
স্থানীয়দের ধারণা, এসব ঘটনায় মাদকসেবী ও বিপথগামী কিছু যুবক জড়িত থাকতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের পর প্রকৃত ঘটনা ও জড়িতদের পরিচয় জানা যাবে।
একদিনে পরপর দুটি ছিনতাইয়ের ঘটনায় সড়কটিতে চলাচলকারী মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা ছিনতাই প্রতিরোধে পুলিশি টহল জোরদার, সন্দেহভাজনদের শনাক্তকরণ এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সূত্র: কক্সবাজার জার্নাল