1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor

৩ দিন পার হলেও মিলেনি উখিয়ার আড়াই বছরের শিশু নুসাইবার সন্ধান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৬/২০২৬ ১০:১৮ পিএম

একটি আড়াই বছরের অবুজ শিশু। যে বয়সে মায়ের কোলে হাসিমুখে খেলা করার কথা, সেই বয়সে সে এখন নিখোঁজ।

গত শুক্রবার বিকেল থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ ৫১ ঘণ্টা অতিবাহিত হলেও ফুটফুটে শিশু ‘ইশরাত জাহান নুসাইবা’র কোনো সন্ধান মেলেনি। সময় যত গড়াচ্ছে, নিখোঁজ শিশুর পরিবারের বুকে বাড়ছে শঙ্কা আর আহাজারি। তবে শিশুটির সন্ধানে প্রশাসনের দৃশ্যমান কোনো তৎপরতা না থাকায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া (মাঝের পাড়া) এলাকার শাহাজাহান সওদাগরের ঘরে এখন শুধুই কান্নার রোল। ফুটফুটে এই শিশুটিকে হারিয়ে পাগলপ্রায় তার মা-বাবা।

​পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) বিকেল আনুমানিক ৪টা থেকে ৫টার দিকে সবার অজান্তে নিজ বাড়ি থেকে বের হয় ছোট্ট নুসাইবা। এরপর দীর্ঘ সময় পেরিয়ে তিনটি দিন পার হয়ে গেলেও সে আর ঘরে ফিরে আসেনি। মেয়ের খোঁজে উন্মাদের মতো মা-বাবা ছুটে গেছেন পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের ঘরে। এলাকার ঝোপঝাড়, পুকুরপাড়সহ সম্ভাব্য এমন কোনো জায়গা নেই যেখানে তন্নতন্ন করে খোঁজা হয়নি। কিন্তু চারদিকে ব্যাপক খোঁজাখুঁজির পরও কোথাও তার কোনো হদিস মেলেনি বলে জানান স্থানীয়রা।

​এদিকে, ঘটনার পর দীর্ঘ ৫১ ঘণ্টা পার হয়ে গেলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার কার্যকর বা দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করা যায়নি বলে অভিযোগ করেছে স্থানীয়রা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ​”পরিবারের পক্ষ থেকে থানায় একটা নিখোঁজ ডায়েরি করা হয়েছে। আমরা খোঁজ নিচ্ছি, ব্যবস্থা নিচ্ছি।”

​তবে ওসির এই চিরাচরিত “ব্যবস্থা নিচ্ছি” আশ্বাসের আড়ালে গত দুই দিনেরও বেশি সময়ে কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

​উখিয়ার গণমাধ্যমকর্মী এম বশর চৌধুরী এই মানবিক সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ​”৩ দিন পেরিয়ে গেছে, নুসাইবার কোনো খোঁজ নেই। উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া মাঝের পাড়ার শিশু নুসাইবা নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখনও তার কোনো সন্ধান মেলেনি। মাত্র আড়াই বছরের নিষ্পাপ শিশুটি কোথায় আছে, কেমন আছে, তা কেউ জানে না। প্রতিটি মুহূর্ত এখন তার পরিবারের জন্য দুঃস্বপ্নের মতো। একদিকে সন্তানের অপেক্ষায় পাগলপ্রায় মা-বাবা, অন্যদিকে অনিশ্চয়তায় কেটে যাচ্ছে প্রতিটি ক্ষণ। মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত নুসাইবাকে উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আবেদন জানাচ্ছি।”
​আড়াই বছরের একটি অবুজ শিশু নিখোঁজের মতো এমন স্পর্শকাতর ও মানবিক বিষয়ে পুলিশের এমন ঢিলেঢালা ও গতানুগতিক ভূমিকাকে ‘দায়সারা’ বলে মন্তব্য করছেন সচেতন মহল। পরিবারের অভিযোগ, সময়মতো পুলিশ তৎপর হলে হয়তো এতক্ষণে শিশুটির খোঁজ পাওয়া যেত।

​সময় যত গড়াচ্ছে, বুকফাটা আর্তনাদ আর আশঙ্কা তত বাড়ছে নুসাইবার মা মালেকা বেগম ও বাবা শাহাজাহান সওদাগরের। আদরের সন্তানকে অক্ষত অবস্থায় ফিরে পেতে প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন এই অসহায় মা-বাবা।

​নিখোঁজ শিশুর বিবরণ (জিডি অনুযায়ী)- ​নাম: ইশরাত জাহান নুসাইবা ​পিতা: মো: শাহাজাহান ​মাতা: মালেকা বেগম ​বয়স: আনুমানিক আড়াই থেকে তিন বছর ​ঠিকানা: ভালুকিয়া, ২নং ওয়ার্ড, রত্নাপালং ইউনিয়ন, উখিয়া, কক্সবাজার। ​যোগাযোগের নম্বর: 01880-897304

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com