1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ

জামায়াত এমপির ঐচ্ছিক অনুদানের তালিকায় মেয়ের নাম

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৬/২০২৬ ৮:৩৯ পিএম

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিল থেকে অনুদান মঞ্জুরির তালিকায় তার মেয়ে ফাইজার নাম অন্তর্ভুক্ত হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তালিকাটি ভাইরাল হয় এবং এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

সংসদ সচিবালয়ের অর্থ শাখা-২ থেকে জারি করা চিঠিতে ২০২৫-২০২৬ অর্থবছরের ঐচ্ছিক তহবিল থেকে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বিভিন্ন ব্যক্তির অনুকূলে অনুদান মঞ্জুরির কথা উল্লেখ করা হয়েছে। নড়াইল সদর উপজেলার হবোখালী ইউনিয়নের হবোখালী গ্রামের ফাইজা (পিতা মোঃ বাচ্চু) ১ নম্বরে এবং ফাইজা (পিতা মোঃ আতাউর) ৮ নম্বরে ১০ হাজার টাকা করে অনুদানের তালিকাভুক্ত রয়েছে।

সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একজন এমপি জনকল্যাণমূলক কাজের জন্য অর্থবছরে ৫ লাখ টাকা ঐচ্ছিক অনুদান তহবিল পেয়ে থাকেন। আমি যেদিন শপথ নিয়েছি সেদিন থেকে হিসাব করলে নড়াইল-২ আসনে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমি এলাকায় ব্যস্ত থাকার কারণে পিএস ফোন করে জানায় আজকের মধ্যে নামের তালিকাসহ ডিও জমা দিতে হবে। আমি তাকে সব ইউনিয়ন থেকে তালিকা সংগ্রহ করে জমা দিতে বলি। পরে সে জানায় অফিস থেকে বলা হয়েছে কিছু পরিচিত নাম দিয়ে তুলে নিতে হবে, পরে প্রকৃত তালিকা বিতরণ করা যাবে। স্বাক্ষর করা প্যাডে তালিকা জমা দেওয়া হয়েছে। তালিকায় কাদের নাম দিয়েছে আমি দেখার সুযোগ পাইনি। এমনকি টাকাও এখনো হাতে পাইনি।’

এমপি জানান, টাকা হাতে পাওয়ার পর অর্থবছর শেষে অন্যান্য অনুদানের মতো প্রকৃত তালিকা জনগণ জানতে পারবে। তিনি বলেন, ‘আজকের মধ্যে একটি তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রেরণ করা হবে সেই তালিকা অনুযায়ী অনুদানের টাকা দেওয়া হবে। সদর উপজেলায় ১০ জনের অনুকূলে ৮০ হাজার টাকা এবং লোহাগড়া উপজেলায় ১১ জনের নামে ১ লাখ ৩ হাজার ৫০০ টাকা বরাদ্দ রয়েছে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com