বিকেলে বাবার দাফন শেষ করে রাতে কৃষি ব্যাংকের এটিএম বুথে ডিউটি পালন করে সকালে এইচএসসি পরীক্ষায় বসা সেই ইকনের লেখাপড়ার দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম ড. এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রীর এই ইচ্ছার কথা বুধবার (২২ জুলাই) রাতে ইকনকে ফোনে জানিয়েছেন তার পিএস ফারহান ইশতিয়াক।
শিক্ষামন্ত্রীর পিএস ফারহান ইশতিয়াক জানান, পরীক্ষার সময় আপাতত তার চাকরিটা যেন করতে না হয়, সেজন্য শিক্ষামন্ত্রী কালপরশু ইকনকে আর্থিক সহায়তা পাঠানোর নির্দেশনা দিয়েছেন। এছাড়া, মন্ত্রী পরীক্ষা শেষ হলে পরবর্তীতে তার পড়ালেখার বিষয়ে সার্বিক সহযোগিতারও আশ্বাস প্রদান করেছেন।
মঙ্গলবার রাতে গণমাধ্যমে ইকনের খবর প্রকাশের পর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিন সকালে ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দুপুরে মারা যান। ৪৬ বছর বয়সী ইসরাফিল জীবিকার তাগিদে মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন। ইকনের দাদার বাড়ি মূলত গোপালগঞ্জ। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডে গাড়িচালকের চাকরির সুবাদে তিনি এই জেলা শহরে আসেন। অবসরের পর ইকনের দাদা গোপালগঞ্জ ফিরে গেলেও তার বাবা ইসরাফিল রয়ে যান বাগেরহাটে। মা আর মানসিক ভারসাম্যহীন ভাইকে নিয়ে ৪ হাজার টাকার ভাড়া বাসায় তাদের বসবাস।