মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান তীব্র অভ্যন্তরীণ সংঘাত ও আইনশৃঙ্খলার চরম অবনতির মুখে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা অব্যাহত রয়েছে।
এবার দেশটির বুথিডং টাউনশিপ থেকে টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে একই পরিবারের পাঁচজন রোহিঙ্গা নাগরিক।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে মিয়ানমারের বুথিডং এলাকা থেকে আসা ওই রোহিঙ্গা পরিবারটি টেকনাফের একটি দুর্গম সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। সীমান্ত পার হওয়ার পর স্থানীয় একটি দালাল চক্রের সহায়তায় তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীস্থ রোহিঙ্গা ক্যাম্প-২০ (এক্সটেনশন)-এ পৌঁছাতে সক্ষম হয়। ২৭ জুলাই রাত ৯ টাই ওই রোহিঙ্গা পরিবারটি ক্যাম্পে প্রবেশ করে।
বর্তমানে তারা ওই ক্যাম্পের এস-১বি-৪ ব্লকে অবস্থানরত তাদের এক নিকটাত্মীয়ের বাসায় গোপনে আশ্রয় নিয়ে রয়েছে।
অনুপ্রবেশকারী এই পরিবারটিতে রয়েছেন একজন পুরুষ, একজন নারী, একজন কিশোরী এবং দুইজন শিশু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যেকার ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির কারণে জীবন বাঁচাতে তারা বাধ্য হয়ে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
ক্যাম্প-২০ এক্সটেনশনের ক্যাম্প ইনচার্জ হোসেন মুহাম্মদ আল মুজাহিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই পাশাপাশি কালকে গিয়ে তিনি খোঁজ নিবেন বলে জানিয়ে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
অন্যদিকে ক্যাম্পে আইনশৃংখলা রক্ষায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৪ এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন জানান, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে, যদি ঘটনা সত্য হয়ে থাকলে এ বিষয়ে পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের কথা জানান তিনি।
এদিকে সীমান্ত পার হয়ে প্রতিদিনই কোনো না ক্যাম্পে মিয়ানমার থেকে আসছে রোহিঙ্গারা।জান্তা এবং আরাকান আর্মির চলমান সংঘাতে আবারো নতুন করে রোহিঙ্গা ঢলের আশংকা করা হচ্ছে।
সূত্র: টিটিএন