কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা গুলিসহ রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসার এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উখিয়ার ১১নং রোহিঙ্গা ক্যাম্পের মরাগাছতলা এলাকার একটি বিশেষ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃতের নাম মোহাম্মদ জহির (১৯)। সে উখিয়ার ময়নারঘোনা ১২নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রশিদ আহম্মদের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহির স্বীকার করেছে যে, সে আরসার একজন সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে ক্যাম্পের অভ্যন্তরে অস্ত্র বহন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র: টিটিএন