উখিয়ায় গহীন অরণ্যে অভিযান চালিয়ে টেকনাফের চাঞ্চল্যকর নৈশপ্রহরী নাজির হোসেন হত্যা মামলার আসামি মোহাম্মদ আইয়ুবকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ ।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উখিয়া থানার চাকমাপাড়া পাতাবাড়ি সংলগ্ন পাহাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত আইয়ুব টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ার মৃত ইলিয়াস মিয়ার ছেলে। অভিযানকালে তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে নিহত নাজির হোসেনের শ্যালক খোরশেদ আলমের কাছে চাঁদা দাবি করে আসছিল। গত ৭ সেপ্টেম্বর আসামিরা ১ লাখ টাকা চাঁদা দাবি করে এবং তা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। এর ধারাবাহিকতায় গত ৯ সেপ্টেম্বর রাতে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ায় জাহাঙ্গীরের কাছে পুনরায় চাঁদা দাবি ও মারধরের ঘটনা ঘটে। উক্ত ঘটনার প্রতিবাদ করতে গেলে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নৃশংস হামলা চালায়।
হামলার সময় নৈশপ্রহরী নাজির হোসেন বাধা দিতে এলে আসামিরা তার ওপর উপুর্যুপরি হামলা চালায়। অভিযুক্তরা ছোরা, কিরিচ ও রডের আঘাত এবং বুকের ওপর চেপে ধরে শ্বাসরোধ করে নাজির হোসেনের মৃত্যু নিশ্চিত করে। এ সময় আরও কয়েকজন গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজির হোসেনকে মৃত ঘোষণা করেন।
গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ আইয়ুবের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবি সূত্রে জানা গেছে। সূত্র: টিটিএন