কক্সবাজারের টেকনাফে জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির আবেদন করায় যাচাই বাছাই কালে নুরুল আজিজ (২২) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান এ দণ্ড আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নুরুল আজিজ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার মো. হাফেজের ছেলে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোটার হওয়ার জন্য আবেদন করতে এসে নুরুল আজিজ নিজেকে হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা গ্রামের বাসিন্দা হিসেবে পরিচয় দেন। আবেদনপত্রে তাঁর বাবার নাম মো. রশিদ এবং মায়ের নাম নুর জাহান বেগম উল্লেখ করা হয়। পরিচয়ের প্রমাণ হিসেবে তিনি সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর করা নাগরিকত্ব ও চারিত্রিক সনদ এবং জন্মনিবন্ধনের কাগজপত্র জমা দেন। কাগজপত্রে অসংগতি ও সন্দেহ দেখা দিলে নির্বাচন অফিসের কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। পরে কাগজপত্র যাচাই-বাছাই করে তাঁর প্রকৃত বাবার নাম মো. হাফেজ বলে নিশ্চিত হওয়া যায়। এতে জাল কাগজপত্র তৈরি করে ভুয়া পরিচয়ে ভোটার হওয়ার চেষ্টা করার বিষয়টি ধরা পড়ে।
টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সালাউদ্দীন আল আজাদ বলেন, ‘অন্য একজনকে বাবা পরিচয় দিয়ে নাগরিকত্ব সনদ ও জন্মনিবন্ধন তৈরি করে ওই যুবক ভোটার হওয়ার আবেদন করেন। সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র যাচাই করে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি রোহিঙ্গা নাগরিক হতে পারেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান, ‘সনদ ও জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে ওই যুবককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।