ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবা নারীর টিপসই নিয়ে ভুয়া কাবিননামা তৈরির ঘটনায় জড়িত আবদুস ছাত্তার জামায়াতে ইসলামীর কেউ নন বলে দাবি করেছে দলটি। শনিবার সন্ধ্যায় উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা ফুলবাড়িয়া প্রেস ক্লাবে সংবদ সম্মেলন করে এই দাবি করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, পুটিজানা ইউনিয়নের পাটুলী গ্রামে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবা নারীর টিপসই নিয়ে ভুয়া কাবিননামা তৈরি করার ঘটনায় একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে জামায়াতে ইসলামীকে জড়িয়ে অপপ্রচার করছে, যা নিন্দনীয়। আবদুস ছাত্তার জামায়াতে ইসলামীর কেউ না। তার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, সেক্রেটারি ডা. আব্দুর রাজ্জাক, কর্মপরিষদ সদস্য আ. মজিদ, পৌর নায়েবে আমির গোলাম মোস্তফা, পুটিজানা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ইব্রাহীম খলিল প্রমুখ।
ভুক্তভোগী নারীর অভিযোগ, পাটুলী গ্রামের আব্দুল কদ্দুছ মাঝেমধ্যে স্থানীয় জামায়াত নেতা আবদুস ছাত্তারের মাধ্যমে বিয়ের প্রস্তাব দিতেন। তবে বিয়েতে রাজি হননি তিনি। প্রায় দেড় মাস আগে আবদুস ছাত্তার ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তাঁর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট ছবি নেন। কয় দিন পর তার দোকানে ডেকে নিয়ে সাদা কাগজে দুটি টিপসই নিয়ে আবদুল কদ্দুছের সঙ্গে তাঁর বিয়ের কাবিননামা তৈরি করেন।