রোহিঙ্গা সংকটের বাস্তব চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ, শরণার্থীদের জীবনযাত্রা ও মানবিক সহায়তা কার্যক্রমের খোঁজখবর নিতে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল। এ সময় প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলটি কক্সবাজারে পৌঁছে সরাসরি উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যায়।
প্রতিনিধিদলে ছিলেন কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী, এস কে আজিজুল বারী, সৈয়দ আল নোমান, হুম্মাম কাদের চৌধুরী, সানজিদা ইসলাম তুলি ও মীর আহমদ বিন কাসেম। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী তাঁদের সঙ্গে ক্যাম্প পরিদর্শনে অংশ নেন।
পরিদর্শনকালে কমিটির সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, শরণার্থীদের জীবনযাপন, মানবিক সহায়তা কার্যক্রম এবং প্রত্যাবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের বর্তমান বাস্তবতা সম্পর্কে সরেজমিনে ধারণা নেওয়ার পাশাপাশি ক্যাম্পের বিভিন্ন কার্যক্রমও পর্যবেক্ষণ করেন তাঁরা।
পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধিদলটি রোহিঙ্গা হেরিটেজ সেন্টার (ক্যাম্প-৬), তুর্কি হাসপাতাল (ক্যাম্প-৯) এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) খাদ্য বিতরণকেন্দ্র (ক্যাম্প-৪) পরিদর্শন করে। এ সময় ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা যুবক ও নারীদের সঙ্গেও মতবিনিময় করেন প্রতিনিধিদলের সদস্যরা। তাঁদের জীবনযাপন ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি ক্যাম্পের মানবিক পরিস্থিতি সম্পর্কে ধারণা নেন তাঁরা।
পরে বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ে পদস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিনিধিদলের সদস্যরা। সভায় রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ মানবিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের ক্যাম্প পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সংকটের বাস্তবতা অনুধাবন ও সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।