কক্সবাজারের উখিয়ায় নতুন প্রতিভাবান ক্রিকেটার খুঁজতে বাছাই কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বছর বয়সী ক্রিকেটারদের এ কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। এ উদ্যোগকে ঘিরে স্থানীয় তরুণ ক্রিকেটারদের মধ্যে সম্ভাবনা তৈরি হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে উখিয়ার পাতাবাড়ী মাঠে ক্রিকেটার বাছাইয়ের প্রাক্-কার্যক্রম শুরু হবে। উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাদমান জামী চৌধুরী উপজেলার আগ্রহী ক্রিকেটারদের নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত হয়ে নিজেদের প্রতিভা ও যোগ্যতা প্রমাণের আহ্বান জানিয়েছেন।
তিনি জানান, উখিয়ার অনেক তরুণের মধ্যে ক্রিকেটের প্রতিভা রয়েছে। যথাযথ সুযোগ ও পরিচর্যা পেলে তাদের মধ্য থেকেও ভালো মানের ক্রিকেটার উঠে আসতে পারে। বিসিবির এ উদ্যোগের মাধ্যমে নতুন প্রতিভা চিহ্নিত করার পাশাপাশি স্থানীয় ক্রিকেটের বিকাশ ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি। সূত্র: উখিয়া নিউজ