টেকনাফে একটি মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড পাওয়া ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।কক্সবাজার গাইড
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ডের পুরান পল্লানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. হাবিব (৩৮)। সে টেকনাফ পৌরসভার পল্লানপাড়া এলাকার সৈয়দ আকবরের ছেলে।
রোববার (১ নভেম্বর) এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এসআরবি জানায়, গ্রেপ্তারকৃত হাবিবের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকের একটি মামলা ছিল। ওই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অর্থ অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকেই সে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ (সিপিসি-১, টেকনাফ) জানতে পারে, সাজাপ্রাপ্ত ওই পলাতক আসামি টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়া এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় এসআরবি’র একটি চৌকস আভিযানিক দল ওই এলাকায় উপজেলা শহীদ মিনার সংলগ্ন ‘বসিরের দোকান’-এ অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি-১৫ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সূত্র: দৈনিক কক্সবাজার