টেকনাফে একাধিক মানবপাচার মামলার এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। গ্রেপ্তারকৃত ব্যক্তি একটি সক্রিয় মানবপাচার চক্রের শীর্ষ সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম আবদুল করিম (৫০)। সে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকার ছৈয়দ ওমরের ছেলে।
রোববার সকালে এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এসআরবি জানায়, মানবপাচারসহ সংঘবদ্ধ অপরাধ দমনে এসআরবি-১৫ নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ (সিপিসি-১, টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল রোববার শেষ রাতে কচ্ছপিয়া ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে একাধিক মানবপাচার মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত পলাতক আসামি আবদুল করিমকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।
প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে এসআরবি আরও জানায়, গ্রেপ্তারকৃত আবদুল করিম একটি সক্রিয় মানবপাচার চক্রের সাথে সরাসরি জড়িত। দীর্ঘদিন ধরে সে নিরীহ মানুষ ও রোহিঙ্গাদের সমুদ্রপথে অবৈধভাবে বিদেশে পাচারের কাজে যুক্ত ছিল।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মানবপাচারসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ নির্মূলে এসআরবি-১৫ এর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দৈনিক কক্সবাজার