1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুলাইয়ে ওয়াসিম হত্যা মামলার আসামি এখন চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির দশম বৈঠক অনুষ্ঠিত ভারতে ইসলামি পারিবারিক আইন রক্ষায় মুসলিমদের স্বাক্ষর সংগ্রহ অভিযান মানবপাচার ও মাদকপাচার একই সূত্রে গাঁথা: ইউএনও টেকনাফ ইসলামে যেহেতু জন্মদিন করার রীতি নেই, সেটা মেনে চলার চেষ্টা করি: চিত্রনায়িকা মৌসুমী নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, এমপি আমির হামজার বিরুদ্ধে ইসিতে আবেদন জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মালয়েশিয়া ব্রাহ্মণবাড়িয়ায় প্রশাসনের মৌখিক নিষেধাজ্ঞা, ছদ্মবেশে মাহফিলে গেলেন তাহেরী আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী টেকনাফে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৫

ইসলামে যেহেতু জন্মদিন করার রীতি নেই, সেটা মেনে চলার চেষ্টা করি: চিত্রনায়িকা মৌসুমী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/১১/২০২৬ ৮:০৪ পিএম

আজ ৩ নভেম্বর ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ও ‘প্রিয়দর্শিনী’ মৌসুমীর জন্মদিন। তবে বিশেষ এই দিনে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটাচ্ছেন নন্দিত এই অভিনেত্রী। প্রিয়দর্শিনী তারকা দেশে না থাকলেও জন্মদিনে তাকে ঘিরে ভক্ত-অনুরাগীদের উৎসাহ-উদ্দীপনায় কমতি নেই। ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তে ফ্যান ক্লাবের উদ্যোগে দিনটি বিশেষভাবে উদযাপিত হচ্ছে। পাশাপাশি স্বামী চিত্রনায়ক ওমরসানীর বিশেষ চমক ও দোয়ার আয়োজন তো রয়েছেই।

যুক্তরাষ্ট্রে যেভাবে কাটছে মৌসুমীর জন্মদিন: যুক্তরাষ্ট্র থেকেই নিজের জন্মদিন প্রসঙ্গে মৌসুমী জানান, এবার জন্মদিন নিয়ে তাঁর বড় কোনো পরিকল্পনা বা জাঁকজমকপূর্ণ আয়োজন নেই। আম্মু, মেয়ে এবং বোনেরা মিলে যুক্তরাষ্ট্রেই একসঙ্গে ঘরোয়া ও সুন্দর সময় কাটানোর পরিকল্পনা করেছেন। নিজেদের মতো করে খাওয়া-দাওয়া ও আড্ডাতেই কাটবে বিশেষ দিনটি।

মৌসুমী আরও বলেন, ‘ঢাকায় থাকলে হয়তো একটু ভিন্ন কিছুর আয়োজন হতো। তাছাড়া ইসলামে যেহেতু জন্মদিনে জাঁকজমকপূর্ণ কিছু করার কোনো রীতি নেই, তাই এই সময়ে এসে সেটা আরও একটু মেনে চলার চেষ্টা করি। তবে এটা ভেবে ভালো লাগে যে, ঢাকায় সানী নানান কিছু করে, আর আমার ফ্যান ক্লাব থেকে দেশজুড়েই ভক্তরা অনেক আয়োজন করে। সেসব আমি দূর থেকে উপভোগ করি, বেশ ভালোই লাগে।’

নিজের ছোটবেলার স্মৃতির কথা স্মরণ করে প্রিয়দর্শিনী এই নায়িকা বলেন, ‘ছোটবেলায় আব্বু আমার জন্মদিনে এতিমখানায় খাওয়া-দাওয়া করাতেন এবং সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের সহযোগিতা করতেন। তবে বাসায় বড় কোনো উৎসবের প্রতি তার অনাগ্রহ ছিল। অন্যদিকে আম্মু অনেক রান্না-বান্না করতেন এবং আত্মীয়স্বজনদের ডেকে খাওয়াতে ভালোবাসতেন। সেই দিনগুলো ও সময়গুলো আমি খুব মিস করি।’

দেশে ওমরসানী ও ফ্যান ক্লাবের বিশেষ আয়োজন: খোঁজ নিয়ে জানা গেছে, মৌসুমীর জন্মদিনে রাজধানীর ফার্মগেটে ‘মৌসুমী ফ্যান ক্লাবে’র উদ্যোগে বিশেষভাবে দিনটি উদযাপন করা হচ্ছে।

এদিকে স্ত্রীর জন্মদিন নিয়ে চিত্রনায়ক ওমরসানী বলেন, ‘আমার স্ত্রী এবং আমার মেয়ে আমাকে অনুরোধ করেছে যেন আমার ও পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি আমি আরও একটা বিশেষ কাজ করছি, যা কাউকে জানাতে চাই না। কারণ আমি প্রচারের জন্য এটি করছি না, মন থেকেই করছি। আর ফ্যান ক্লাব থেকে যা আয়োজন করা হচ্ছে, সেখানে আমি শুধু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকব। ব্যস, এতটুকুই!’

সোনালী দিনের স্মৃতি ও বর্ণাঢ্য ক্যারিয়ার: ১৯৯৩ সালে প্রয়াত নির্মাতা সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন মৌসুমী। এর আগে তিনি বিভিন্ন বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেছিলেন। প্রথম সিনেমাতেই তার বিপরীতে ছিলেন অমর নায়ক সালমান শাহ। সালমান শাহর সঙ্গে পরবর্তীতে তিনি ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’ ও ‘স্নেহ’ সিনেমায় অভিনয় করেন।

সেই সময় ওমরসানীর বিপরীতে অভিনয় করেও তিনি তুমুল জনপ্রিয়তা লাভ করেন এবং দর্শকমহলে প্রশংসিত হন। মৌসুমী ও ওমরসানী জুটির উল্লেখযোগ্য ও দর্শকপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছেÑ ‘দোলা’, ‘আত্মঅহংকার’, ‘লজ্জা’, ‘বাপের টাকা’, ‘হারানো প্রেম’, ‘প্রথম প্রেম’, ‘স্নেহের বাঁধন’, ‘ফাঁসির আসামি’, ‘মুক্তির সংগ্রাম’, ‘কথা দাও’, ‘ক্ষুধা’, ‘রঙিন রঙ্গবাজ’ ইত্যাদি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com