1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
১৮ নভেম্বরের পর সৈকতে গরু ছাগল পেলে আটক করে নিলাম দেয়া হবে – জেলা প্রশাসনের পর্যটন সেল বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রামুতে যাত্রী বেশে ই/য়া/বা পাচার, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক টেকনাফ সীমান্তে এক রাতেই প্রায় ১০ লাখ ই য়া বা উদ্ধার, আ ট ক ২ হাসিনা কোনো আবেদনই করেননি, তাহলে অপপ্রচারের নেপথ্যে কারা? উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪ মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের অস্ত্রোপচার সম্পন্ন আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা পুলিশ ও গোয়েন্দার হাতে শেখের বেটির জন্য বাংলাদেশের মাটি হারাম, ফাঁসির দড়ি রেডি: মাহমুদা মিতু কক্সবাজার আদালত চত্বরে জয়বাংলা শ্লোগান : ৬ আইনজীবীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

হাসিনা কোনো আবেদনই করেননি, তাহলে অপপ্রচারের নেপথ্যে কারা?

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/১১/২০২৬ ৫:৪৪ পিএম

সাংবাদিকতার সবচেয়ে বড় শক্তি তার বিশ্বাসযোগ্যতা। আর এই বিশ্বাসযোগ্যতার ভিত্তি হচ্ছে তথ্যের সত্যতা যাচাই, বস্তুনিষ্ঠতা, পেশাগত সততা এবং দায়িত্বশীলতা। কিন্তু কোনো একটি সংবাদ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে বলেই সেটিকে প্রশ্নাতীত সত্য হিসেবে গ্রহণ করতে হবে—সাংবাদিকতার এমন কোনো নীতি পৃথিবীতে নেই। বরং আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রকাশিত সংবাদও যাচাই করা, প্রয়োজনে প্রশ্ন করা এবং তথ্যের অসংগতি অনুসন্ধান করা জাতীয় গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। অথচ শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর কথিত আবেদন নিয়ে সাম্প্রতিক সংবাদপ্রবাহে বাংলাদেশের গণমাধ্যমের একটি অংশের যে ভূমিকা দেখা গেল, তা সাংবাদিকতার পেশাগত মান, দায়িত্ববোধ এবং সম্পাদকীয় স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের অন্ধ অনুকরণ, তথ্য যাচাই-বাছাই ছাড়া চটকদার সংবাদ পরিবেশন এবং সাংবাদিকতার ন্যূনতম এথিক্স বা নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে চিল কান নিয়ে গেছে শুনেই কান না দেখে চিলের পেছনে দৌড়ানোর এই দেউলিয়া রূপ আমরা আরও একবার প্রত্যক্ষ করলাম। খবর ছড়িয়ে দেওয়া হলো, ক্ষমতাচ্যুত পলাতক স্বৈরাচার শেখ হাসিনা নাকি বাংলাদেশ সরকারের কাছে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করেছেন! মুহূর্তের মধ্যে মূলধারার গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া—সবত্র শোরগোল পড়ে গেল। অথচ বাস্তব সত্য হলো, শেখ হাসিনা নিজে পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো প্রকার আবেদনই করেননি!

এখানে প্রশ্ন হচ্ছে,এই ভিত্তিহীন ও কল্পিত সংবাদের নেপথ্যে কী আন্তর্জাতিক ও আঞ্চলিক কোনো গভীর ষড়যন্ত্র কাজ করছে? তথাকথিত আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স কি তবে এখন পতিত স্বৈরাচারের লুটেরা সিন্ডিকেটের ‘পেইড এজেন্ট’ বা ভাড়াটে হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে? আর আমাদের দেশীয় গণমাধ্যমগুলো কী উদ্দেশ্যে কোনো প্রকার দায়িত্বশীলতা ছাড়াই এই মনগড়া প্রোপাগান্ডা গিলে নিয়ে সারা দেশে এক কৃত্রিম অস্থিরতা তৈরি করতে চাইল? এই প্রশ্নগুলো আজ একজন রাজনৈতিক পর্যবেক্ষক, কলামিস্ট ও সাংবাদিক হিসেবে আমাকে ভীষণভাবে ভাবিয়ে তুলছে।

বাংলাদেশের গণমাধ্যমের অপেশাদারিত্ব, দায়িত্বহীনতা এবং দেশপ্রেমের অভাব নিয়ে আমি এর আগেও একাধিকবার আমার বিভিন্ন কলামে কঠোর প্রশ্ন তুলেছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদের তল্পিবাহক হিসেবে কাজ করা গণমাধ্যমের সেই পুরোনো মানসিকতার বিন্দুমাত্র পরিবর্তন ঘটেনি।

দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান ঘটনাটির ভেতরের সত্য অত্যন্ত স্পষ্ট ও সাহসিকতার সঙ্গে তুলে ধরেছেন। ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায়, গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক বিতর্কিত আইন প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পক্ষ থেকে ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাউলস কেসি দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে একটি চিঠি ইমেইল করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, চিঠিতে কোথাও বলা হয়নি যে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে কোনো আবেদন ফর্মে স্বাক্ষর করেছেন বা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এটি ছিল একটি আইনি পরামর্শক ফার্মের তরফ থেকে পাঠানো একটি সাধারণ চিঠি বা অনুরোধপত্র।

অথচ আমাদের দেশের গণমাধ্যমগুলো কোনো নথিপত্র না দেখে, হাইকমিশনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য না নিয়ে, নিছক চটকদার শিরোনাম বানানোর প্রতিযোগিতায় নেমে লিখে দিল: “শেখ হাসিনা দেশে ফিরতে পাসপোর্টের আবেদন করেছেন!”

এটি কেবল অপেশাদারিত্ব নয়; এটি সরাসরি সাংবাদিকতার মূল চেতনার প্রতি চরম বিশ্বাসঘাতকতা। তথ্য যাচাই (Fact-checking) ছাড়া তথ্য পরিবেশন কখনোই টেকসই বা দায়িত্বশীল সাংবাদিকতা হতে পারে না। “শোনা কথা”, “জানা কথা” কিংবা “সংশ্লিষ্ট সূত্রের বরাত” দিয়ে তৈরি কাল্পনিক গল্প পরিবেশন করে সাময়িকভাবে পাঠকের এটেনশন হয়তো পাওয়া যায়, কিন্তু গণমাধ্যমের নিজস্ব মেরুদণ্ড ও বিশ্বাসযোগ্যতা যে চিরতরে ভেঙে পড়ে—তা আমাদের সম্পাদক ও গণমাধ্যম পরিচালকরা কবে বুঝবেন?

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টটি গভীর নজর দিয়ে পর্যবেক্ষণ করলে একটি ভয়ংকর সত্য উন্মোচিত হয়। এটি কেবল কোনো ভুল সংবাদের বিষয় নয়, এটি একটি সুসংগঠিত আন্তর্জাতিক ষড়যন্ত্র।

সাইদুর রহমান স্পষ্ট উল্লেখ করেছেন যে, গত সোমবার সকাল সাড়ে ৯টায় হাইকমিশনে ব্রিটিশ ল ফার্মের ইমেইল চিঠিটি পৌঁছানোর আগেই রয়টার্সে এ সংক্রান্ত সংবাদের প্রস্তুতি দেখা যায় এবং কয়েকজন দেশি-বিদেশি সাংবাদিক তাকে রয়টার্সে প্রকাশিত সংবাদের লিংক পাঠান!

অর্থাৎ, চিঠি পৌঁছানোর আগেই আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের কাছে সংবাদের লিঙ্ক রেডি ছিল! কীভাবে সম্ভব? এর অর্থ পরিষ্কার—লন্ডনের বিতর্কিত ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং তাদের নেপথ্যে থাকা পলাতক স্বৈরাচার শেখ হাসিনা ও তার আশ্রয়দাতা অপশক্তি একসূত্রে একটি সংঘবদ্ধ মাস্টারপ্ল্যান অনুযায়ী কাজ করছে।

লন্ডনের যে ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ ও স্টিভেন পাউলসের কথা বলা হচ্ছে, তাদের ইতিহাস পর্যালোচনা করা দরকার। গত ১৫ মাসে এই বিতর্কিত ল ফার্মটি অন্তত পাঁচবার আন্তর্জাতিক অঙ্গনে সরাসরি বাংলাদেশ সরকারের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) ফ্যাসিবাদের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিরুদ্ধে আন্তর্জাতিক ফোরামে লবিং করা এবং গণহত্যায় অভিযুক্ত সাবেক স্বৈরাচারী নেতাদের রক্ষায় আইনি লড়াই চালানোর মতো কাজগুলো এই ফার্মটি করে আসছে।

একটি চিহ্নিত মানবতাবিরোধী অপরাধী ও গণহত্যাকারীর পক্ষে এই ব্রিটিশ ফার্মটি যে আন্তর্জাতিক মহলে টানা কাজ করে যাচ্ছে, তার পেছনে চালিকাশক্তি কোনটি? উত্তর অত্যন্ত পরিষ্কার—রক্তচোষা লুটেরা টাকা।

রয়টার্স বিশ্বজুড়ে এক নামে পরিচিত একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা—এ নিয়ে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থের বিনিময়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর চরিত্র যেভাবে বিবর্তিত হচ্ছে, তা আতঙ্কের।

শেখ হাসিনার নেতৃত্বাধীন অপশক্তি গত ১৭ বছরে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দেশের ব্যাংকগুলো ফাঁকা করে, মেগা প্রজেক্টের নামে কোটি কোটি ডলারের অবৈধ সম্পত্তি তারা বিদেশে পাচার করেছে। আন্তর্জাতিক বাজার ও শীর্ষ লবিস্টদের কিনে নেওয়ার জন্য এই বিপুল পরিমাণ লুটেরা টাকাই এখন তাদের মূল হাতিয়ার।

রয়টার্সের মতো সংস্থাও যখন কোনো প্রাথমিক অনুসন্ধানী তথ্য ছাড়া, কোনো প্রকার সত্যতা যাচাই না করে একটি বিতর্কিত ল ফার্মের তৈরি ড্রাফটকে ‘হাসিনার আবেদন’ বানিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়—তখন বুঝে নিতে হবে সংবাদের নিরপেক্ষতার চেয়ে সেখানে ‘পেইড এজেন্ডা’ বড় হয়ে উঠেছে।

যেখানে রয়টার্স একটি ইমেইল পৌঁছানোর আগেই নিউজের লিংক তৈরি করে বসে থাকে, সেখানে স্পষ্ট হয়ে যায় যে রয়টার্সের মতো আন্তর্জাতিক সংস্থাকেও বিশাল পরিমাণের লুটের টাকায় কেনা সম্ভব। তারা আজ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ছেড়ে নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ‘পেইড এজেন্ট’ হিসেবে কাজ করছে। যে অত্যন্ত নিন্দনীয় কাজ।

শেখ হাসিনা কেবল পালিয়ে গিয়েই ক্ষান্ত হননি; তিনি প্রতিবেশী দেশ ভারতে বসে বাংলাদেশের নতুন গণঅভ্যুত্থান-পরবর্তী শান্ত পরিবেশকে অস্থিতিশীল করার জন্য প্রতিনিয়ত চক্রান্ত চালিয়ে যাচ্ছেন। চলমান অগ্নি সন্ত্রাসই তার বড় প্রমাণ। আর এই চক্রান্তের পেছনে তার বড় আশ্রয়দাতা ভারতের একটি নির্দিষ্ট মনস্তাত্ত্বিক ও ভূ-রাজনৈতিক চাপ কাজ করছে।

আশ্রয়দাতা দেশের মাটিতে বসেই যখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, বিচারব্যবস্থা ও স্থিতিশীলতাকে পঙ্গু করার অপচেষ্টা চালানো হয়, তখন রয়টার্স কিংবা ম্যাট্রিক্স চেম্বার্সের মতো আন্তর্জাতিক মিডিয়া ও ল ফার্মগুলোকে সেই এজেন্ডা বাস্তবায়নের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। তাদের মূল লক্ষ্য একটাই—আন্তর্জাতিক মহলে বাংলাদেশ সরকারকে একটি অস্থিতিশীল ও অকার্যকর রাষ্ট্র হিসেবে চিত্রায়িত করা এবং গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে একজন ‘নির্যাতিত ও আইনের আশ্রয়প্রার্থী’ নেতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠা করার প্রোপাগান্ডা চালানো।

বাংলাদেশ আজ এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। যে গণঅভ্যুত্থানে হাজারো তরুণের রক্তে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলা হয়েছে, সেই বাংলাদেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে দেশি-বিদেশি যে গভীর সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে—তা প্রতিরোধ করার প্রাথমিক দায়িত্ব আমাদের গণমাধ্যমেরই ছিল।

সাংবাদিকতাকে যখন রাজনৈতিক বা আর্থিক স্বার্থের হাতিয়ার করা হয়, তখন কেবল সত্যের অপমৃত্যু ঘটে না, একটি জাতির অস্তিত্বও সংকটে পড়ে। পতিত সরকারের পলাতক গোষ্ঠী যে দেশে নাশকতার জাল বুনছে, সীমান্ত পেরিয়ে একের পর এক প্রোপাগান্ডা ছড়াচ্ছে—মিডিয়ার উচিত ছিল সেই ষড়যন্ত্রগুলো উন্মোচন করা, তাদের অপরাধের আন্তর্জাতিক ফাইল তুলে ধরা এবং ওয়াচডগ বা অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা পালন করা। অথচ আমাদের মিডিয়া ব্যস্ত রয়েছে ভিত্তিহীন ও চটকদার খবর প্রচার করে সেই ষড়যন্ত্রকারীদের এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করতে!

বাংলাদেশ সরকার স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে যে, আদালতের মাধ্যমে দণ্ডিত কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া কোনো ব্যক্তি সাধারণ প্রক্রিয়ায় পাসপোর্ট পাওয়ার যোগ্য নন। শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে এনে গণহত্যা ও বিচারহীনতার মুখোমুখি করার জন্য সরকারের প্রচেষ্টার কোনো ঘাটতি নেই।

এখন সময় এসেছে আমাদের গণমাধ্যমের সেই ‘কল্পিত সাংবাদিকতা’ ও সংকীর্ণ দলীয় আনুগত্য থেকে বেরিয়ে আসার। প্রোপাগান্ডার জোয়ারে গা ভাসিয়ে বিভ্রান্তি ছড়ানো নয়, বরং বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে দেশ ও জাতিকে রক্ষা করাই হোক আজ প্রতিটি সংবাদকর্মীর নৈতিক অঙ্গীকার। সুতরাং গণমাধ্যমের প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের কাছে সত্য তুলে ধরা। সাংবাদিকতার বিবেক যেন কোনো রাজনৈতিক কিংবা আন্তর্জাতিক স্বার্থের কাছে বিক্রি না হয়। মহান আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সহায় হোন এবং সহীহ বুঝ নসিব করুন।

লেখক: সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও সম্পাদক, ‘আমার দিন’।
ই-মেইল: ahabibhme@gmail.com

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com