কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নে কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হয়েছে। কৃষি খাতে প্রণোদনা ও সেবার আওতা বাড়াতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে কৃষি কার্ড একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি আরও বলেন, কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি সহায়তা, ভর্তুকি ও কৃষি সেবা পেতে সক্ষম হবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও জোরদার হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, এই উদ্যোগ কৃষকদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ এবং এর মাধ্যমে প্রান্তিক কৃষকরাও সরাসরি উপকৃত হবেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে কৃষি কার্ড তুলে দেওয়া হয়।