সামাজিক বিশৃঙ্খলা ও নীতি বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকায় টেকনাফ পৌর জামায়াতের সহ সাধারণ সম্পাদক খুরশেদ আলম দিদারকে অব্যাহতি
সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি ও দলীয় সাংগঠনিক নীতি বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টেকনাফ পৌর জামায়াতে ইসলামী’র সহ সাধারণ সম্পাদক খুরশেদ আলম দিদারকে পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা জামায়াত। বৃহস্পতিবার দলটির অফিসিয়াল প্যাডে টেকনাফ উপজেলা জামায়াতের আমীর রফিকুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, খুরশেদ আলম দিদারের বিরুদ্ধে সম্প্রতি দলীয় শৃঙ্খলা ও সামাজিক আচরণের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ ওঠায় গঠনতন্ত্র অনুযায়ী তার পদ-পদবী স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কোনো প্রকার দলীয় কার্যক্রমে অংশগ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, খুরশেদ আলম দিদার মাদক মামলায় আদালত কর্তৃক পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে আরও অন্তত দুটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
এর আগে গত বুধবার টেকনাফ পৌর ভবন লবণ মাঠে স্থানান্তরের প্রতিবাদে “সম্মিলিত পৌরবাসী” ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য প্রদানকালে তিনি স্থানীয় জালিয়াপাড়া এলাকার বাসিন্দাদের নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেন। তার এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী বিকেলে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন এবং “দিদারের গালে গালে, জুতা মারো তালে তালে” স্লোগান দেন।
ঘটনার পরপরই উপজেলা জামায়াতের পক্ষ থেকে দলীয় ভাবমূর্তি রক্ষায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।