কক্সবাজারের উখিয়া উপজেলার ফলিয়া পাড়া রাস্তার মাথা সংলগ্ন কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশের একটি সরকারি খাস খাল ভরাট করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। প্রকাশ্যে দীর্ঘদিন ধরে এ নির্মাণকাজ চললেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, ফলিয়া পাড়া রাস্তার মাথা সংলগ্ন সরকারি খালের একাংশে মাটি ভরাট করে স্থায়ী দোকানঘর নির্মাণ করা হয়েছে। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হলে আশপাশের এলাকায় জলাবদ্ধতার ঝুঁকি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউনুস সরওয়ারের সম্পৃক্ততায় সরকারি খাস খালের জায়গা দখল ও ভরাট করে এ স্থাপনা নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
সরকারি খাস জমি ও খাল দখলের মতো গুরুতর অভিযোগের পরও উখিয়া উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ভূমি কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। পরিবেশ ও জনস্বার্থসংশ্লিষ্ট এমন একটি বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে সরকারি সম্পত্তি দখলের প্রবণতা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট মহলের আশঙ্কা।