1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের: ছবি প্রকাশ করলেন রাশেদ খান খামেনি জীবিত আছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নাফ নদীতে বিজিবির সঙ্গে সশস্ত্র গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়ার আশ্বাস দিল বাংলাদেশ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০১/২০২৬ ৩:২০ পিএম

সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গাকে (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) বাংলাদেশি পাসপোর্ট প্রদানের প্রক্রিয়া দ্রুততর করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, বৈঠকে সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রদানের অগ্রগতি, জনশক্তি রফতানি ও পারস্পরিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রস্তুতি, সৌদি আরবে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ডিফেন্স শো’-তে বাংলাদেশের অংশগ্রহণের আমন্ত্রণপত্রসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।

বৈঠকে রাষ্ট্রদূত সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট প্রদানের বর্তমান অগ্রগতি সম্পর্কে জানতে চান।
জবাবে উপদেষ্টা জানান, এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পাসপোর্ট অধিদফতর ও সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশন সমন্বিতভাবে কাজ করছে। কাজ দ্রুত শেষ করতে ঢাকা থেকে বিশেষ টিম পাঠানো হয়েছে। তবে তিনি উল্লেখ করেন, আবেদনের তুলনায় পাসপোর্ট এনরোলমেন্টের জন্য উপস্থিতির হার কিছুটা কম। এ বিষয়ে ইতোমধ্যে সৌদি আরবের ইন্টেরিয়র মিনিস্টারকে অবহিত করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবকে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ উল্লেখ করে বলেন, সৌদি আরব আমাদের ৩২ লাখেরও বেশি প্রবাসীর দ্বিতীয় আবাসস্থল। তাদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। এ সময় তিনি বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি আমদানির জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রদূত জানতে চাইলে উপদেষ্টা বলেন, “নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, যার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত।” তিনি আরও জানান, নির্বাচন উপলক্ষে বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে ‘ডেভিল হান্ট ফেইজ-২’-সহ নিয়মিত অভিযান চলমান রয়েছে।

রাষ্ট্রদূত আগামী ৮-১৪ ফেব্রুয়ারি ২০২৬ রিয়াদে অনুষ্ঠিতব্য ‘বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনী’ (ওয়ার্ল্ড ডিফেন্স শো)-তে অংশগ্রহণের জন্য সৌদি ইন্টেরিয়র মিনিস্টারের আমন্ত্রণপত্র উপদেষ্টার হাতে তুলে দেন। তবে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে উপদেষ্টা নিজে উপস্থিত হতে অপারগতা প্রকাশ করেন এবং উপযুক্ত প্রতিনিধি পাঠানোর নিশ্চিত প্রতিশ্রুতি দেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়সল আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাংলা ট্রিবিউন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com