বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবির সমর্থনে কক্সবাজার শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) দুপুরে কক্সবাজার পৌরসভা চত্বরে এ মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী এবং সঞ্চালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার সেক্রেটারি অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী। এছাড়া বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহসিন।
বক্তারা বলেন, দেশের জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে সরকার গণতন্ত্র ও মানবাধিকারকে পদদলিত করছে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের বিকল্প নেই।
পরে বিক্ষোভ মিছিলটি পৌরসভা গেইট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালুর দোকান এলাকায় গিয়ে শেষ হয়।