উখিয়া উপজেলার পূর্বাঞ্চলীয় জনপদ করবনিয়ায় দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাওয়া খালের পুনঃখনন কাজ শুরু হয়েছে। পুনঃখনন কাজের উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী।
পাহাড়-টিলাবেষ্টিত এ এলাকার খালটি প্রতি বর্ষায় পলি ও ময়লায় ভরাট হয়ে পানি প্রবাহ ও নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত করত।
এতে আশপাশের কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ক্ষতির পাশাপাশি কৃষকরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতেন।
দীর্ঘদিন পর খাল পুনঃখনন শুরু হওয়ায় স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তাদের প্রত্যাশা, কাজটি মানসম্মতভাবে সম্পন্ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হলে পানি নিষ্কাশন স্বাভাবিক হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি ও জনজীবনে ইতিবাচক প্রভাব পড়বে।
……………..
বর্জ্য ব্যবস্থাপনাকে সম্পদে পরিণত করতে হবে
উখিয়া(কক্সবাজার)
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ইস্ট-২-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট পরিদর্শনকালে ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেছেন, বর্জ্যকে অবহেলা নয়, সম্পদে রূপান্তরের চিন্তা করতে হবে।
তিনি বলেন, যত্রতত্র বর্জ্য ফেলার কারণে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তাই আধুনিক ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব প্রক্রিয়াজাতকরণ নিশ্চিত করতে হবে।
সঠিক পরিকল্পনা ও প্রযুক্তির ব্যবহার করা গেলে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টকে শুধু পরিচ্ছন্নতা রক্ষার কেন্দ্র হিসেবে নয়, বরং বর্জ্য থেকে বিভিন্ন উপকরণ ও সম্পদ উৎপাদনের কার্যকর শিল্পে পরিণত করা সম্ভব। একই সঙ্গে বর্জ্যকে কেন্দ্র করে নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হতে পারে।
তিনি আরও বলেন, নিয়মিত তদারকি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ ধরনের প্ল্যান্ট ক্যাম্পের পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দীর্ঘমেয়াদে একটি কার্যকর ও টেকসই সম্পদে পরিণত হতে পারে।
পরিদর্শনকালে বৌদ্ধ সম্প্রদায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিব বড়ুয়া রাজুসহ বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টের বিশেষজ্ঞ দলের সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্র: উখিয়া নিউজ