1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ

বন বিভাগের জমি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবেঃ এমপি শাহজাহান চৌধুরী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/০৭/২০২৬ ৪:১৩ এএম

বনভূমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বন বিভাগের জমি দখল, অবৈধ ব্যবহার এবং যেকোনো ধরনের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড বন্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

তিনি বলেন, “বনের জমি আর নষ্ট করা যাবে না। বন বিভাগের জমি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে বেশি বেশি দেশীয় প্রজাতির গাছ লাগিয়ে বনাঞ্চলকে সমৃদ্ধ করতে হবে।”

বৃহস্পতিবার (৩০ জুলাই) কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ইনানী রেঞ্জের রাজাপালং বিটে ২০২৫-২৬ অর্থবছরে হেল্প প্রকল্পের আওতায় সৃজিত দেশীয় মিশ্র প্রজাতির দ্রুতবর্ধনশীল বাগান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে এমপি শাহজাহান চৌধুরী বাগানের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বন বিভাগের চলমান বৃক্ষরোপণ, পুনঃবনায়ন ও বন সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন। এ সময় তাঁর সঙ্গে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনি জালিয়াপালং বিটে আয়োজিত বৃক্ষরোপণ-সংশ্লিষ্ট এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

পথসভায় শাহজাহান চৌধুরী বলেন, “বন শুধু গাছের সমষ্টি নয়; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই বনভূমি রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণকেও সম্পৃক্ত করতে হবে।”

তিনি আরও বলেন, দেশীয় প্রজাতির বৃক্ষরোপণের মাধ্যমে বনাঞ্চলের জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব। বনভূমি দখল, পাহাড় ও গাছ কাটা এবং যেকোনো ধরনের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে এখন থেকেই বন সংরক্ষণে কার্যকর ভূমিকা নিতে হবে। বন বিভাগের জমি রক্ষার পাশাপাশি অবৈধভাবে বনভূমি ব্যবহারের প্রবণতা বন্ধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো জরুরি।

অনুষ্ঠানে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (উখিয়া-টেকনাফ) মো. মনিরুল ইসলাম, উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম, ইনানী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাফিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, জেলা বিএনপির সদস্য নুরুল আমিন চৌধুরী, জালিয়াপালং ইউনিয়ন উত্তর বিএনপির আহ্বায়ক শাহ আমিন চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব খাইরুল আমিনসহ বন বিভাগের বিভিন্ন বিটের কর্মকর্তা ও স্টাফরা উপস্থিত ছিলেন।

এছাড়া সিপিজি ও ইআরটি দলের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।

বন বিভাগের কর্মকর্তারা জানান, উখিয়া ও টেকনাফের বনাঞ্চল রক্ষায় বৃক্ষরোপণ, পুনঃবনায়ন এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে এসব কার্যক্রম আরও জোরদার করা গেলে বনভূমি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ফল পাওয়া সম্ভব।

সংশ্লিষ্টরা মনে করছেন, জনপ্রতিনিধি, বন বিভাগ ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগে বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে বন বিভাগের জমি রক্ষা এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে এ ধরনের পরিদর্শন ও পথসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: কক্সবাজার জার্নাল

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com