প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে।
মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আজ বুধবার দুপুরে জেলা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি ।
নুরুল হক নুর বলেন, এটিএম কার্ডের মতো ব্যবহারযোগ্য ‘প্রবাসী কার্ড’ দিয়ে প্রবাসীরা ব্যাংকিং লেনদেন করতে পারবেন। পাশাপাশি দেশে ফিরে সরকারি বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রেও এই কার্ডের মাধ্যমে সুবিধা পাওয়া যাবে।
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও প্রবাসী কার্ডধারীরা অগ্রাধিকার পাবেন। দেশে অবস্থানকালে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানেও কার্ডটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-যোগ করেন তিনি।