কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, আজকাল শুনা যাচ্ছে দাড়িপাল্লায় ভোট দিলে ইসলাম কায়েম হবে, জান্নাত নিশ্চিত হবে। এটা খুবই দুঃখজনক ও বিভ্রান্তিকর। । ইসলাম কায়েম হয় ইনসাফ, সদাচরণ ও ন্যায়নীতির ভিত্তিতে।
সাবেক এই সাংসদ আরো বলেন, বিএনপি একটি জনবান্ধব দল। আমাদের মা-বোনেরা এ দলকে বিশ্বাস করেন। আমরা যদি রাষ্ট্রক্ষমতায় আসি, ইনশাআল্লাহ দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, রাষ্ট্রের সবার জন্য বসবাসের নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করবে। আমি কথা দিচ্ছি, যতদিন আমি বেঁচে থাকব, কাউকে অন্যায়ভাবে অত্যাচার করতে দেব না।
গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় টেকনাফ সাবরাং ইউনিয়নের ঝিনাপাড়া এলাকায় আয়োজিত বিএনপির এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এ কথা বলেন।
টেকনাফ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আবুল হাশেম ভুলু।
সভায় আরও বক্তব্য রাখেন, এডভোকেট হাসান সিদ্দিকী, সভাপতি, টেকনাফ উপজেলা বিএনপি,শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক, টেকনাফ, উপজেলা বিএনপি, মাওলানা আব্দুল গফুর, সভাপতি ওলামা দল, টেকনাফ উপজেলা।
শাহজাহান চৌধুরী বলেন, আমরা রোজা রাখি, নামাজ আদায় করি, হজ করি, যাকাত দেই, তাহাজ্জুদের নামাজ পড়ি এবং ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হই এসব আমাদের ইবাদত। কিন্তু এগুলো করেও কেউ নিশ্চিত জান্নাতি দাবি করতে পারে না। বিচার হবে কিয়ামতের দিনে, আর তা করবেন একমাত্র মহান আল্লাহ।
বৈঠকে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।