কক্সবাজারের উখিয়া উপজেলা জুড়ে অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে জোরদার অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। পরিবেশ ধ্বংসের এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনব্যাপী অভিযান চালিয়ে একজনকে অর্থদণ্ডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। উপজেলার পালংখালী ইউনিয়নের মোছার খোলা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা’র নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে অবৈধভাবে পাহাড় কেটে বনভূমি উজাড় এবং ড্রেজার মেশিন দিয়ে খাল থেকে বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্ত সাইফুল ইসলাম ভূট্টো (৪২) কে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে ড্রেজার মেশিন ও কোদাল জব্দ করা হয়েছে।
অভিযানকালে উখিয়ার সহকারী বন সংরক্ষক শাহীনুর ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ভূমি অফিস ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, মোছার খোলা বিট অফিস থেকে প্রায় ১ কিলোমিটার দূরত্বে বিস্তীর্ণ বনভূমি কেটে ফেলার ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে সহকারী বন কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা জানিয়েছেন, পাহাড় খেকোদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং উখিয়া উপজেলায় কোথাও অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: উখিয়া নিউজ