দখলের জন্য জামায়াতের কর্মীরা গ্রাহক সেজে ইসলামী ব্যাংকের সামনে মব করছে বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান।
সম্প্রতি ফেসবুকে এক ভিডিওতে তিনি এ মন্তব্য করেছেন। তিনি বলেন, জামায়াত আমিরের গাড়ি কিনতে ইসলামী ব্যাংক কর্মীদের চাঁদা দিতে বাধ্য করা হয়েছিল। ঠিক একইভাবে বাধ্য করা হয়েছিল সাদিক কাইয়ুমদের নির্বাচনী ব্যয় মেটাতে।
তিনি আরো বলেন, ‘আপনারা শফিকুল ইসলাম মাসুদের সেই মিটিংয়ের কথা জানেন, যেখানে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা ছিল। কিভাবে নির্বাচন ম্যানিপুলেট করতে ইসলামী ব্যাংক কাজ করবে মিটিংয়ে সেই আলোচনা হয়।’
আমজনতার দলের এ নেতা বলেন, জামায়াত আমিরের গাড়ি, গ্রাম পর্যায়ে জামায়াতের অফিসের ফ্যান অথবা জামায়াত কর্মীদের জন্য বাইক, যাই কেনেন, ইসলামী ব্যাংকের কর্মীদের বাধ্য করা হয়। এমন কি তাদের যে মাহফিল গুলো হয় যেখানে মিজানুর রহমান আজহারিরা আসে, এই চট্টগ্রামের যাদের বাদ দেওয়া হয়েছে, তাদের থেকে দুই থেকে তিন হাজার, এমনকি পাঁচ হাজার টাকা চাঁদা দিতে বাধ্য করা হয়েছিল।
আওয়ামী লীগ কর্মীদের চাকুরিচ্যুতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, জামায়াতের লোকেরা বলে চট্টগ্রামের লোকদের বাদ দেওয়ার কারণ আওয়ামী লীগ সম্পৃক্ততা। তো আমার প্রশ্ন, আওয়ামী লীগ করলে কি তারা ভাত খাবে না? তারা কি কর্ম করবে না? তাদের কর্ম কেড়ে নিতে হবে? তারা বলে চট্টগ্রামের লোকদের বাদ দেওয়া হয়েছে।
আমি তো দেখলাম ভোলা, টাংগাইল, বরিশাল, দিনাজপুর বিভিন্ন অঞ্চলের মানুষকে বাদ দেওয়া হয়েছে। এই বাদ দেওয়া তালিকায় প্রতিবন্দিও আছে একজন। তারা মেধায় ও যোগ্যতা দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়েছে, তাকে বাদ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, এই ভাবে ইয়ানত খাওয়ার জন্য জামায়াত আমিরদের গাড়ি কিনে দিতে হবে, কর্মীদের বাইক কিনে দিতে হবে অথবা ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে জামাতের অফিষের ফ্যান কিনে দিতে হবে, মাসে মাসে তাদেরকে জাকাতের টাকা দিতে হবে। সেই কারণে ইসলামী ব্যাংকের দখল তাদের খুব প্রয়োজন।
আর এই দখলের জন্য জামায়াতের কর্মীরা গ্রাহক সেজে ইসলামী ব্যাংকের সামনে মব করছে।