উখিয়ায় ১ লাখ পিস ইয়াবাসহ মোঃ মিজানুর রহমান (২৬) নামের এক মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার বিকেলে উখিয়া উপজেলার বালুছড়া পাতাবাড়ি গ্রামে এই অভিযান পরিচালনা করে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) রেজুপাড়া বিওপির একটি টহলদল।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপির টহলদল বালুছড়া পাতাবাড়ি গ্রামের হোসেন আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় হোসেন আলীর ছেলে মোঃ মিজানুর রহমানকে ১ লাখ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের সময় হোসেন আলী, তার অপর ছেলে তারেক হোসেন, রামুর পূর্বগোয়ালিয়া পাড়া গ্রামের মির আহমদের ছেলে কামাল উদ্দিন প্রকাশ সাইত্রিশ কামাল এবং উখিয়ার পাতাবাড়ি গ্রামের আলী খলিফার ছেলে মনজুর কৌশলে পালিয়ে যান। আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর ইয়াবাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অভিযানের বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, বিজিবি দেশের সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।