1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor

আটক কৃষকলীগ নেতাকে ছাড়াতে থানায় তদবির, জামায়াত ও বিএনপি নেতাসহ আটক ৮

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৯/২০২৬ ৪:২৯ পিএম

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক এক আসামিকে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবির ও চাপ প্রয়োগের অভিযোগে জামায়াতের এক নেতা ও বিএনপির দুই কর্মীসহ আটজনকে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় মিরপুর কুষ্টিয়ার থানায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন -চিথলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রামাণিক (৫০), বিএনপি নেতা মেহেরুল ইসলাম (৪৫) এবং বিএনপি সমর্থক শহীদুল ইসলাম (৫৩)।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১২টায় উপজেলার চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলায় ওয়ার্ড কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে আটক করা হয়। পরে তাকে মিরপুর থানায় নিয়ে আসা হয়।

পুলিশ আরও জানায়,হাফিজুর রহমানকে আটকের খবর পেয়ে রাত ২টায় চিথলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে বেশকয়েকজন থানায় আসেন। তারা আটক হাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে তদবির ও চাপ দিতে থাকেন।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, নিষেধ করার পরও তারা বারবার নাশকতা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার জন্য তদবির করতে থাকেন। একপর্যায়ে তাদের আটক করা হয়।

তিনি জানান, পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এরপর দুই দলের নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ জানিয়েছে, নাশকতা মামলার আটক আসামি হাফিজুর রহমানের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com