1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবকে স্বাগত জানালো আশ্রিত রোহিঙ্গারা কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার সীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে-মীর শাহে আলম টেকসই শান্তি-নিরাপত্তা নিশ্চিতে নারী নেতৃত্বের অংশগ্রহণে জোর দিলো বাংলাদেশ রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফা

রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ১২:৪৩ এএম

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। জনসংখ্যার চাপের পাশাপাশি পরিবেশ ও বনভূমি, পানি ও জ্বালানি, দ্রব্যমূল্য, যানবাহন চলাচল, স্থানীয় শ্রমবাজার, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় এর প্রভাব পড়েছে বলে স্থানীয়দের অভিযোগ। একই সঙ্গে মাদক, মানবপাচার, অপহরণসহ বিভিন্ন আন্তসীমান্ত অপরাধ নিয়েও উদ্বেগ রয়েছে।

এমন বাস্তবতায় রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা চেয়ে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড ইভেন্টে বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি এসব প্রস্তাব দেন। প্রধানমন্ত্রীর এই বক্তব্য ও পাঁচ দফা প্রস্তাবের ভূয়সী প্রশংসা করেছেন রোহিঙ্গা অধ্যুষিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

প্রধানমন্ত্রীর পাঁচ দফা প্রস্তাবের প্রথমটিতে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের একটি সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানানো হয়।
দ্বিতীয়ত, রোহিঙ্গাসহ মিয়ানমারের বেসামরিক জনগণের ওপর সহিংসতা বন্ধ এবং রোহিঙ্গাদের নিজভূমিতে মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি না হলে টেকসই সমাধানের পথে অগ্রসর হওয়া কঠিন।

তৃতীয় প্রস্তাবে রোহিঙ্গাদের পাশাপাশি তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত ও পূর্বানুমেয় মানবিক সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ফলে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর ওপর যে চাপ তৈরি হয়েছে, সেটিও আন্তর্জাতিক সহায়তার আওতায় আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

চতুর্থত, টেকসই প্রত্যাবাসনের জন্য ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার কথা বলেন তিনি। রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি আন্তর্জাতিক বিচার ও তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
পঞ্চম প্রস্তাবে মাদকভিত্তিক অর্থনীতি, মানবপাচার, ডিজিটাল প্রতারণা, অবৈধ অস্ত্রসহ বিভিন্ন আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ চায় না রোহিঙ্গারা চিরকাল বাস্তুচ্যুত অবস্থায় থাকুক। নিরাপদে, স্বেচ্ছায়, মর্যাদার সঙ্গে এবং অধিকার সুরক্ষিত রেখে তারা যেন মিয়ানমারে নিজভূমিতে ফিরে যেতে পারে, সেটিই বাংলাদেশের প্রত্যাশা। এ জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশ প্রত্যাবাসনে সহায়তা করতে প্রস্তুত বলেও জানান তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর বক্তব্যের ভূয়সী প্রশংসা করে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর সহায়তার বিষয়টি পাঁচ দফা প্রস্তাবে গুরুত্ব পাওয়ায় তিনি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে উখিয়া-টেকনাফের মানুষ রোহিঙ্গা সংকটের চাপ বহন করে আসছে। মানবিক কারণে সহযোগিতা করলেও সংকট দীর্ঘায়িত হওয়ায় স্থানীয় জনগণের জীবন, পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোর ওপর চাপ বেড়েছে। তাই রোহিঙ্গাদের সহায়তার পাশাপাশি স্থানীয় মানুষের নিরাপত্তা, অধিকার ও স্বার্থ রক্ষায় কার্যকর উদ্যোগ প্রয়োজন। সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com