কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নকে বিভক্ত করে ‘ইনানী ইউনিয়ন পরিষদ’ গঠনের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সুপারিশ ও সুস্পষ্ট প্রস্তাব জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশনা চেয়ে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখায় চিঠি দেওয়া হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়। চিঠিতে উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর একটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
চিঠির সূত্রে জানা যায়, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী গত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জালিয়াপালং ইউনিয়নকে বিভক্ত করে ‘ইনানী ইউনিয়ন পরিষদ’ গঠনের বিষয়ে একটি আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারা এবং সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে।
এ ছাড়া চিঠিতে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণসংক্রান্ত নীতিমালা এবং পূর্ববর্তী সরকারি নির্দেশনার আলোকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নতুন ইউনিয়ন গঠনের বিষয়ে সুপারিশসহ সুস্পষ্ট প্রস্তাব জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে স্বাক্ষর করেছেন কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মো. নাজমুল হাসান নাঈম। এর অনুলিপি সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, জেলা প্রশাসকের কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অফিস কপিতে পাঠানো হয়েছে।
তবে জালিয়াপালং ইউনিয়ন বিভক্ত করে ‘ইনানী ইউনিয়ন পরিষদ’ গঠনের বিষয়ে এখনো চূড়ান্ত সরকারি অনুমোদন বা সিদ্ধান্তের কথা চিঠিতে উল্লেখ করা হয়নি। সূত্র: উখিয়া নিউজ