চট্টগ্রাম সিটি করপোরেশন স্বাধীনতা স্মারক সম্মাননা ২০২৬-এ ভূষিত হতে যাচ্ছেন আঞ্চলিক গানের কিংবদন্তিতুল্য শিল্পী বুলবুল আকতার। চট্টগ্রামের মাটি ও মানুষের গানকে দেশ-বিদেশে ছড়িয়ে দিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে চটগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
১৯৬৩ সালে কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়িতে জন্মগ্রহণ করেন গুণী এই শিল্পী। চটগ্রামের আরেক প্রখ্যাত শিল্পী প্রয়াত রশিদ কাউয়াল ছিলেন তার স্বামী। দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি জনপ্রিয় গীতিকার ও সুরকার আহমদ বশিরের লেখা ও সুরে রেকর্ড করেছেন প্রায় ১২০০ গান, যা ৮৮টি ভলিউমে প্রকাশিত হয়েছে। ব্যক্তিগত জীবনে দুই কন্যার জননী বুলবুল আকতার এখনো তার মায়াবী কণ্ঠ আর গায়কী দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন।
চাটগাঁইয়া সংস্কৃতি রক্ষায় তার এই বিশাল কর্মযজ্ঞকে সম্মান জানাতেই চটগ্রামে চলমান গ্রন্থমেলার শেষ দিনে এই বিশেষ পদক তুলে দেওয়া হবে বুলবুল আকতার কে।
বুলবুল আকতার টিটিএনকে জানিয়েছেন, এ সম্মাননা অবশ্যই গৌরবের। তবে তিনি অসুস্থ জানিয়ে তার চিকিৎসায় সকলের সহযোগিতা চেয়েছেন।