মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে বিজিবি কে-নাইন স্কোয়াডের প্রশিক্ষিত কুকুরের সহায়তায় চালানো পৃথক দুটি অভিযানে ৫২ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্রে জানা যায়, ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল রেজুখাল চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। বিজিবির ‘জার্মান শেফার্ড’ ডগ ‘জন’ (বিজিডি-১০৮৩)-এর বিশেষ দক্ষতায় মোটরসাইকেলের এয়ার ক্লিনারের ভেতর লুকানো অবস্থায় ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় চালক মোঃ আয়াজকে (৩০) আটক করার পাশাপাশি ইয়াবা পাচারে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি বাটন ফোন জব্দ করা হয়।
অন্যদিকে, ২৫ সেপ্টেম্বর সকালে একই চেকপোস্টে আরেকটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ব্যাটারির ভেতরে অভিনব কায়দায় রাখা আরও ২৬ হাজার পিস ইয়াবা সনাক্ত করে ডগ ‘জন’। এতে অটোরিকশাচালক মোঃ ফয়সালকে (২২) ইয়াবা, অটোরিকশা ও একটি স্মার্টফোনসহ আটক করা হয়।
উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য মালামালসহ আটক দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। সূত্র: টিটিএন