কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের এমপি শাহজাহান চৌধুরী জানিয়েছেন, উখিয়া ও টেকনাফ সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অপহরণ, মুক্তিপণ আদায়, মানবপাচার, মাদক কারবার ও সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে দুটি নতুন স্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।
শাহজাহান চৌধুরী তার স্ট্যাটাসে বলেন, নির্বাচনের আগে তিনি পাহাড় থেকে অপহরণকারী, মানবপাচারকারী, মাদক কারবারি ও সশস্ত্র সন্ত্রাসীদের নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসেবে উখিয়া ও টেকনাফ সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় চলমান অপহরণ, মুক্তিপণ আদায় এবং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, এ লক্ষ্যে টেকনাফের নোয়াখালীপাড়া ও রঙ্গীখালী পাহাড়ি এলাকায় দুটি নতুন সেনা ক্যাম্প স্থাপন করা হবে।
নতুন স্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপত্তা জোরদার হবে বলে আশা প্রকাশ করেন এমপি শাহজাহান চৌধুরী। একই সঙ্গে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া এবং সীমান্তে মাদক চোরাচালান বন্ধে যৌথ বাহিনীর নজরদারি আরও জোরদার হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।