1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ

উখিয়া সমিতির আয়োজনে তিন কৃতিমান ব্যক্তির স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৪/২০২৬ ২:৫৭ পিএম

কক্সবাজারস্থ উখিয়া সমিতির উদ্যোগে উখিয়ার তিন কৃতী সন্তানের স্মরণে এক হৃদয়স্পর্শী শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মাওলানা ওমর ফারুক।

সম্প্রতি অল্প সময়ের ব্যবধানে ইন্তেকাল করেন উখিয়ার তিন গুণী সন্তান—বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর নুরুল হক চৌধুরী, প্রবীণ সাংবাদিক এইচ এম এরশাদ এবং সৌদি প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা আলহাজ্ব নজুমিয়া। তারা প্রত্যেকেই কক্সবাজারস্থ উখিয়া সমিতির সক্রিয় সদস্য ছিলেন এবং নিজ নিজ ক্ষেত্রে অনন্য অবদান রেখে গেছেন।

স্মরণসভায় বক্তারা মরহুমদের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বলেন, প্রফেসর নুরুল হক চৌধুরী দীর্ঘদিন শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কক্সবাজার সরকারি কলেজসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে তিনি অসংখ্য শিক্ষার্থীকে আলোকিত করেছেন।

সাংবাদিক এইচ এম এরশাদ ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন এক নিবেদিতপ্রাণ কলমসৈনিক। তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন।

অপরদিকে, আলহাজ্ব নজুমিয়া একজন মানবিক, উদার ও সমাজসেবামুখী ব্যক্তি হিসেবে সবার কাছে সুপরিচিত ছিলেন। প্রবাসে অবস্থান করেও তিনি সমাজকল্যাণমূলক নানা কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন, যা তাকে মানুষের হৃদয়ে চিরস্মরণীয় করে রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক আলহাজ্ব সিরাজুল ইসলাম। তিনি বলেন, দল-মত নির্বিশেষে তিনজন গুণী ব্যক্তির স্মরণে এমন আয়োজন একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি আরও বলেন, “তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে বরণীয় ব্যক্তিত্ব ছিলেন। এ ধরনের আয়োজন আমাদের পরকালীন জীবনের প্রস্তুতির কথা স্মরণ করিয়ে দেয়।”

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর গিয়াস উদ্দিন, সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, কক্সবাজার আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মন্নান, সাধারণ সম্পাদক আক্তার উদ্দিন হেলালী, সাংবাদিক তোফায়েল আহমদ, অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, সাংবাদিক শামসুল হক শারেক, অধ্যাপক জাফর সাদেক, রবীন্দ্র বিজয় বড়ুয়া, অ্যাডভোকেট এনামুল হক সিকদার, আবুল মনছুর চৌধুরী, অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক, প্রফেসর মোহাম্মদ উল্লাহ, সাংবাদিক এম আর খোকন, জেবর মুলক, করিম উল্লাহ কলিম, সাংবাদিক এম আর মাহবুব, অ্যাডভোকেট সৈয়দ আলম, অ্যাডভোকেট আয়ুবুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল মালেকসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির চৌধুরী এবং মোনাজাত পরিচালনা করেন মুহিদ্দিন চৌধুরী। শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com